সেপ্টেম্বর ২০২১

মিডিয়া বা গণমাধ্যমের খবরাখবর বিষয়ে আমাদের সতর্কতা কাম্য। গণমাধ্যম—সেটা দেশীয় হোক কিংবা আন্তর্জাতিক—তাদের পরিবেশিত সংবাদ ও সংবাদ-বিশ্লেষণ কতটুকু আমরা গ্রহণ করব কতটুকু করব না, সে সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে। কারণ, একশ্রেণির গণমাধ্যম (এই শ্রেণিটিই মূলত গণমাধ্যমের নিয়ন্ত্রক এবং গণমাধ্যমের জগতে এরাই শক্তিশালী ও সংখ্যাগরিষ্ঠ) দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত নিয়ন্ত্রণের অপচেষ্টায় লিপ্ত। এই শ্রেণিটি নানাভাবে ইসলাম ও মুসলিমদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। একই সঙ্গে জালিমের প্রতিরক্ষা ও জুলুমের বৈধতাও তারা নিশ্চিত করতে চায়। আর এ জন্যে নানা প্রোপাগাণ্ডা ও ছল-চাতুরির আশ্রয় গ্রহণ করে।

উদাহরণের জন্য বেশি দূর যেতে হবে না, গত কয়েক মাসের জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা-পরিক্রমার দিকে দৃষ্টিপাত করলে বিষয়টা সহজেই ধরতে পারা যায়। দেশীয় পর্যায়ে যদি দৃষ্টি দিই, কিছুদিন আগে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের এক রক্ষিতার রহস্যজনক মৃত্যুর পর দেশীয় সংবাদমাধ্যমগুলো প্রথমে রক্ষকের নামই নিতে চায়নি। কিন্তু একই ধরনের বা কাছাকাছি পর্যায়ের কোনো কেসে ইসলামী পরিসরের কারও ন্যূনতম সম্পৃক্তির সম্ভাবনা বা সন্দেহ থাকলেও মিডিয়া তার নামধাম ঘটা করে প্রচার করতে আমরা দেখেছি।

আন্তর্জাতিক পরিসরে নজর ফেরালে আরও ভয়ানক অবস্থা লক্ষ করা যায়। যেখানেই ইসলাম ও মুসলিম উম্মাহর বৃহৎ স্বার্থ সম্পৃক্ত, সেখানেই বিশ্বমিডিয়ার ছল-চাতুরি ও প্রোপাগাণ্ডা বিদ্যমান। একেকটি মিডিয়া কোম্পানি যেন পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের একেকটি রক্ষাকবচ। সাম্প্রতিক বিশ^পরিস্থিতির খবরাখবর যাঁরা রাখছেন, কিছু ঘটনা থেকে তাঁরা বিষয়টি উপলব্ধি করতে পারছেন নিশ্চয়।

উদাহরণ টানতে গেলে অসংখ্য দৃষ্টান্ত সামনে আনা যাবে। আমরা সেদিকে যাচ্ছি না। শুধু এ কথাটা স্মরণ করিয়ে দিতে চাই—পশ্চিমা গণমাধ্যম এবং তাদের অনুসারী দেশীয় মিডিয়াগুলো ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীকে দাবিয়ে রাখার কাজেই সর্বদা নিয়োজিত। এবং এই পরিসরে তাদেরই জয়জয়কার। দুঃখজনক বাস্তবতা হলো, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় প্রতিদিন তাদের পরিবেশিত সংবাদই আমাদের গিলতে হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ^জুড়ে তারা জনমত নিয়ন্ত্রণের অপচেষ্টা চালিয়ে আসছে। গণমাধ্যমের যেকোনো সংবাদ গ্রহণের পূর্বে এই সত্যগুলো সবসময় মাথায় রাখলে তাদের দাবার গুটিতে পরিণত হওয়া থেকে আমরা রক্ষা পেতে পারি।

 

হামমাদ রাগিব

সত্য ও সুন্দরের প্রহরায় ৪৮ বছর

প্রতিষ্ঠাতা : শায়খ আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ.
নিবন্ধন নম্বর : চ-৪৭৩/০৫

সত্য ও সুন্দরের প্রহরায় ৪৮ বছর

প্রতিষ্ঠাতা : শায়খ আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ.
নিবন্ধন নম্বর : চ-৪৭৩/০৫

কপিরাইট © ২০২৪ | মাসিক হেফাজতে ইসলাম, আঞ্জুমানে হেফাজতে ইসলামের মুখপত্র। Developed By Shabaka IT