অক্টোবর ২০২১

রবীউল আউয়াল মাস সমাগত। সারওয়ারে কায়েনাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ জন্ম যেমন এই মাসে, আবার এই মাসেরই বেদনাদগ্ধ ২ অথবা ১২ তারিখে তিনি উম্মতকে এতীম করে পাড়ি জমিয়েছিলেন পরপারে। নবীজির জন্মের মাস ও তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তুমুল মতবিরোধ থাকলেও, রবীউল আউয়ালে তাঁর ইন্তেকাল নিয়ে কারও মধ্যে সেভাবে কোনো ইখতেলাফ নেই। অথচ এই মাসে নবীজির জন্মদিনকে নির্দিষ্ট করে আমাদের উপমহাদেশীয় অঞ্চলে নানা রুসম-রেওয়াজ চলে আসছে যুগ যুগ ধরে। নবীজির প্রতি ভালোবাসার নামে এবং ইবাদাতের নিয়তে একটি মহল ঢাকঢোল পিটিয়ে প্রতি বছর বিবিধ কর্মকাণ্ডের আয়োজন করে। এসবের কোনো কোনোটা এতই মারাত্মক ও বিদ্ঘুটে যে, সাধারণ বুদ্ধি-বিবেকও সেগুলোকে সমর্থন করে না।

এই অযথা আয়োজনের পরিবর্তে যদি সীরাত তথা নবীজির জীবনী সম্পর্কে আলোচনা ও চর্চার আয়োজন করা হতো, বিশুদ্ধ সূত্রে বর্ণিত নবীজীবনের ঘটনাবলি এবং তা থেকে আহরিত শিক্ষা উপস্থাপন করা হতো, তাহলে সীরাত বিষয়ে আমাদের জনসাধারণ্যে যে অজ্ঞতা ও উদাসীনতা পরিলক্ষণ করা যায়, তা কিছুটা হলেও কমে আসত। অবশ্যি, হকপন্থী উলামায়ে কেরাম বরাবরই এসব রুসম-রেওয়াজ ও বিদআতী কর্মকাÐের বিরুদ্ধে সোচ্চার ভ‚মিকা রেখে আসছেন। রবীউল আউয়ালে অযথা আয়োজন-অনুষ্ঠানের বিপরীতে সীরাত-বিষয়ক সভা-সেমিনার ইত্যাদির মাধ্যমে মানুষের মধ্যে নবীজীবনের চর্চাকে ব্যাপক করার একটা প্রচেষ্টা তাঁদের অংশগ্রহণ ও দিকনির্দেশনায় চলমান আছে বহুদিন ধরে। তবে এই প্রচেষ্টাকে আরও বেগবান, প্রভাবক ও ব্যাপক করা দরকার। দরকার আরও গঠনমূলক ও পরিকল্পিত আয়োজনের।

২.

নবীজির প্রতি ভালোবাসাপোষণ ঈমান-সংশ্লিষ্ট বিষয়। ঈমানের দাবি হলো, একজন মুমিনের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে থাকবেন নবীজি। এখন নবীজির জীবন ও জীবনাচার সম্পর্কেই যদি জানা না থাকে, তাহলে তাঁর প্রতি ভালোবাসা তৈরি হবে কীভাবে! ভালোবাসার কেন্দ্রবিন্দুতে তাঁকে নিয়ে আসা তো বহু দূরের ব্যাপার!

একটা সময় দুর্লভ হলেও এখন নবীজীবনের ওপর বাংলাভাষায় নির্ভরযোগ্য ও সুখপাঠ্য অনেক সীরাতগ্রন্থ আছে। আছে নবীজীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া নানা ঘটনা ও নবীজির জীবানাচারের বিভিন্ন দিক নিয়ে রচিত বই। রবীউল আউয়ালকে উপলক্ষ করে মাসিক হেফাজতে ইসলামের বক্ষ্যমাণ সংখ্যাটিও আমরা সীরাতের নানাবিধ আলোচনা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। পরিসর ক্ষুদ্র হলেও নবীজীবনের বেশ কয়েকটি দিক আলোচিত হয়েছে এ সংখ্যায়।

আসুন, নবীজীবনের চর্চায় আমরা সকলেই মনোনিবেশ করি। প্রতিদিনের ব্যস্ততায় অন্তত অল্প একটু কুরআন তিলাওয়াত, অল্প কয়েকটি হাদীস, পাশাপাশি কয়েক সফহা নবীজীবনী পাঠকেও আবশ্যক করে রাখি। যেন মদীনার সবুজ গম্বুজের ছায়া ও মায়ার আকর্ষণ, মদীনাওয়ালার প্রতি প্রেম ও ভালোবাসার দুর্নিবার টান আমাদের মন ও মননকে আচ্ছন্ন করে নিতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওয়া আলিহি ওয়া আসহাবিহী আজমাঈন।

 

—হামমাদ রাগিব

সত্য ও সুন্দরের প্রহরায় ৪৮ বছর

প্রতিষ্ঠাতা : শায়খ আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ.
নিবন্ধন নম্বর : চ-৪৭৩/০৫

সত্য ও সুন্দরের প্রহরায় ৪৮ বছর

প্রতিষ্ঠাতা : শায়খ আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ.
নিবন্ধন নম্বর : চ-৪৭৩/০৫

কপিরাইট © ২০২৪ | মাসিক হেফাজতে ইসলাম, আঞ্জুমানে হেফাজতে ইসলামের মুখপত্র। Developed By Shabaka IT